প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৫:১৮ পি.এম
গজারিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৪

সাইদ হাসান আফরান
মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড-সাতকাহনিয়া সংযোগ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জরিনা বেগম (৬০), সুমী আক্তার (৩৫), মো. কাসেম (৪০) ও তাসিন (১৪)। তারা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী সুমী আক্তার জানান, ভবেরচর ইউনিয়নের শ্রীনগর মৌজায় আরএস ২২৯ নম্বর দাগে তার মা ওয়ারিশ সূত্রে ২ দশমিক ৮৫ শতাংশ এবং খরিদ সূত্রে আরও ২ দশমিক ৮৫ শতাংশসহ মোট ৫ দশমিক ৭০ শতাংশ জমির মালিক হন। পরে ওই জমি তাকে হেবা দলিলের মাধ্যমে দেওয়া হয়। জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করে তারা ভোগদখলে রয়েছেন।
সুমীর অভিযোগ, মো. মজিবর (৬০), আতাউর রহমান (৫৬), আনিছুর রহমান (৫২), ইয়াসমিন বেগম (৩৫), ফাহিম (২২) ও জিদান (২০)সহ কয়েকজন ওই জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এর আগে তারা বসতঘর ভাঙচুর করেন বলেও অভিযোগ করেন তিনি।
সুমী আরও অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তরা তার মায়ের নামে থাকা বিভিন্ন দাগের জমি ৫০ লাখ টাকা বায়না দলিলে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তারা তার মা, তাকে ও তার মেয়েকে মারধর করেন এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বসতঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটেরও অভিযোগ করেন তিনি। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল আলম জানান, হামলায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এ ঘটনায় সুমী আক্তার গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা