নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বালুয়াকান্দি এলাকার মিয়ামি রেস্টুরেন্টে মনিটরিংকালে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, উন্মুক্তভাবে ডাস্টবিন রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার বিষয়টি দেখতে পান কর্মকর্তারা।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মুয়াজ স্টোরে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে নিয়মিত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা