প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৬:৩৩ পি.এম
গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য আল মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার একটি স্থান থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আল মামুন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের বাসিন্দা। তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আল মামুন দেশজুড়ে আলোচনায় আসেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, আল মামুনের বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা