
টংগীবাড়ী প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টংগীবাড়ী থানার একটি বিশেষ দল দক্ষিণ পাইকপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন মাসুম বেপারীর বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ পাইকপাড়া গ্রামের নুরুল হক বেপারীর ছেলে মাসুম বেপারী (৪৭), খিলপাড়া গ্রামের জয়নাল দেওয়ানের ছেলে আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধার দাড়িয়াপুর এলাকার তোতা মিয়ার মেয়ে শারমিন বেগম (২৯)।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টংগীবাড়ীতে অভিযান চালিয়ে ওই তিনজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা