আসিফ বাঁধন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ বাতেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীবাড়ি ও বেপারিবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় এম এ বাতেন ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তিনি স্থানীয় বাসিন্দাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোটারদের উদ্দেশে এম এ বাতেন বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথি হতে চাই। আপনাদের মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বয়রাগাদী ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের নিয়েই একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ শেখ, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ, থানা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সানজু ও সুহেল দেওয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক টুটুল বেপারী এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল শেখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাসুদ বেপারী ও মিলন বেপারী। এ সময় হাজীবাড়ি ও বেপারিবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা