প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১:৩৭ এ.এম
মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত

মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও পতাকা ৭১ প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মে দিবসের মূল চেতনাকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। এছাড়া শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা