মোঃ স্বপন বেপারী: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার সকালে উপজেলার চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকার লাইফ এইড হাসপাতালে তিনি একটি সন্তান জন্ম দেন।
জানা গেছে, সকালে ওই নারীর প্রসববেদনা উঠলে স্থানীয়রা তাকে দ্রুত লাইফ এইড হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালেই তিনি সন্তান প্রসব করেন। বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে ছুটে যান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় উপজেলা সমাজসেবা, স্বাস্থ্য ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবজাতকের জন্য গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় তত্ত্বাবধানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানান, ওই নারীর অভিভাবকদের সন্ধান পাওয়া গেছে। শিশুটির সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অসহায় ও মানসিক ভারসাম্যহীন এই নারীর সন্তান প্রসবের পর উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা এবং মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। মা ও নবজাতকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা