প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৬:১২ পি.এম
লৌহজংয়ে ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলা (এমআর) বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। (০৫ এপ্রিল)শনিবার বেলা ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ৫টি ইউনিয়নের প্রায় ১৩টি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ২৩ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডা. ফাহমিদা লস্কর জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে। কর্মসূচিটি দুই ধাপে পরিচালিত হচ্ছে—প্রথম ধাপে ৫টি ইউনিয়নে এবং পরবর্তী ধাপে বাকি ৫টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ২১ দিনব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, যেসব শিশুর জ্বর বা অন্য কোনো অসুস্থতা রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, আগে টিকা নেওয়া থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই পুনরায় এ টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেবি নাজনীন সোহানা, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদউজ্জামান, এমটিএপিআই নাঈম হৃদয় এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ কাজী মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা