লৌহজং প্রতিনিধি:
ফলের জুস পরিবেশনে দেরিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কয়েকটি রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলায় ব্যবসায়ী ও কর্মচারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ছয়টি দোকানে হামলা ও ভাঙচুরে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ফেরিঘাটসংলগ্ন খাদ্যপল্লিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি জুস বারে কয়েকজন ব্যক্তি জুসের অর্ডার দেন। জুস পরিবেশনে কিছুটা দেরি হওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর সংঘবদ্ধভাবে রামদা, চাপাতি, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলাকারীরা ফের সেখানে আসে বলে অভিযোগ রয়েছে। এরপর একাধিক খাবারের দোকানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, কাচের শোকেস, ফ্রিজ, রান্নার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এ সময় ব্যবসায়ী, কর্মচারী ও উপস্থিত পর্যটকদের ওপরও হামলা চালানো হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে লৌহজং থানা, পদ্মা সেতু উত্তর থানা, শ্রীনগর থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিমুলিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আকস্মিক এ হামলার ঘটনায় শিমুলিয়া ঘাটের ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা