
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে রফিকুল ইসলাম (২৫) নামে এক দুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা। তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টার দিকে অটোরিকশায় ড্রামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলা এলাকায় যান রফিকুল। সেখানে ব্যবসায়ীদের কাছে দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় পৌঁছান।
এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৩-৪ জন ব্যক্তি এসে তার অটোরিকশায় চাপ দেন। পরে তারা রফিকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার বাম হাত ও পেটের বাম পাশে জখম হয়। একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে মাওয়ার দিকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা আহত রফিকুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা