
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট ও অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার দায়ে এক ব্যক্তি ও একটি আবাসন প্রকল্পকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার ও কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে ‘নিমতলা হাউজিং’ নামের একটি আবাসন প্রকল্পকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং কৃষিজমি ভরাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাব-এডিট/সাইদ হাসান আফরান
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা