
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাজারসংলগ্ন এলাকায় একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে সিরাজদিখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়া এলাকার ‘তারুণ্যের শক্তি’ নামের একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংগঠনটির কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। স্থানীয়দের কেউ কেউ সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মানুষের সঙ্গে বাগ্বিতণ্ডাসহ বিভিন্ন অপ্রীতিকর কর্মকাণ্ডের অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনটির উপদেষ্টা হিসেবে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক তালুকদারের নাম রয়েছে। সংগঠনটির নেতৃত্বে সভাপতি মো. ইকবাল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মুক্তার সরদার ও করিম মাদবর, সহ-সভাপতি দুলাল সরদার, কোষাধ্যক্ষ শাহাদাত সরদার, সহ-কোষাধ্যক্ষ রুবেল বেপারীসহ অন্যরা রয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক সংগঠনের আড়ালে কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা