প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৮:৪১ পি.এম
হালিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান রতন

হালিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান রতন
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিহত হালিমার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় হালিমার পৈত্রিক বাড়িতে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় কামরুজ্জামান রতন এমপি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, অপরাধীরা জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। আমরাও এ বিষয়ে সজাগ থাকবো, যাতে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতরা সর্বোচ্চ শাস্তি পায়।
তিনি আরও বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা শোকাহত। ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। যে কোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ডা. হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুল আলম খাঁন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা মমিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে কামরুজ্জামান রতন এমপি মিলাদ ও দোয়া মাহফিলের জন্য হালিমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা