
মো. শফিকুল ইসলাম
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মুন্সিগঞ্জে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার এই গৌরবোজ্জ্বল দিনে জেলাবাসী আজ গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। লাখো শহিদের আত্মত্যাগ ও অসীম ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের চেতনায় আজ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সকল বীর শহিদদের প্রতি।
দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৫টা ৫৬ মিনিট মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও জাতির শান্তি কামনা করা হয়। জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদনের পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেন। ঐতিহাসিক এই দিনে জেলাজুড়ে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা