
শ্রীনগরে সড়কে ঝরল ৩ প্রাণ, ঘটনাস্থলে পুলিশ সুপার
মোহাম্মদ ছিবগাতুল্লাহ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাসের সুপারভাইজার, হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১২-৫২৬৫) নামের বাসটি চলন্ত কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ-১৪-৩৭৬৩) সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘটনার পরপরই হাঁসাড়া হাইওয়ে থানা, শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও একজন যাত্রী মারা গেছেন। আহতদের অনেকেই বর্তমানে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় তিনি দুর্ঘটনার কারণ ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে। চালকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ করা হয়েছে। পুলিশের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা