প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৪:০৫ পি.এম
পানসি নৌকা
পানসি নৌকা:
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে তোমরা পানসি নৌকা সম্পর্কে জেনেছ। সবচেয়ে বেশি ব্যবহৃত এই ধরনের নৌকা বিষয়ে আরো যা জানতে পারো—
নদীর বুকে পানসি নৌকা। ছবি : আশরাফ ইকবাল
বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কথা নিশ্চয়ই শুনেছ। ছোটদের খুব ভালোবাসতেন তিনি। এই শিল্পীর ছিল একটি পানসি নৌকা। শিশুদের নিয়ে পানসিতে চড়ে বাড়ির পাশের চিত্রা নদীতে প্রায়ই ঘুরতে যেতেন।
বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল পানসির শখ। পানসি নৌকায় চড়ে পদ্মা নদীতে নৌবিহার করতেন।আগেকার দিনে এখনকার মতো এত রাস্তাঘাট ছিল না। চলাচলের প্রধান মাধ্যম ছিল নৌকা।
একেক কাজের জন্য একেক ধরনের নৌকা বানাতেন কারিগররা। এসব নৌকারও ছিল বাহারি নাম। যেমন—কোষা, ডিঙি, ছিপ, বজরা, ময়ূরপঙ্খি, পানসি, পাতাম, সাম্পান, সওদাগরী, ইলশা প্রভৃতি। চলাচলের জন্য সবচেয়ে সুবিধাজনক ছিল পানসি।
আগে জমিদার শ্রেণির লোকেরা নৌবিহারের জন্য শখ করে পানসি নৌকা বানাতেন। ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও চলাচলের জন্য পানসি জনপ্রিয় হয়ে ওঠে। এক সময় যাযাবর সম্প্রদায় বেদেদের মূল বাহন হয়ে ওঠে পানসি। এই নৌকায়ই ঘরসংসার সাজিয়ে তোলে বেদেরা। অনেক বেদে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় পানসিতেই।পানসি ফরাসি শব্দ। এর বাংলা অর্থ এক প্রকার ছৈ ঢাকা ছোট নৌকা। পানসি দেখতে বেশ সুন্দর। অনেক গান, গল্প, কবিতা ও উপন্যাসে এই নৌকার উল্লেখ আছে। কবি শামসুর রাহমান লিখেছেন, ‘আমার জীবন নয় সুখের পানসি, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে।’ দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ‘বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরী-সঙ্গে কে কে যাবি আয়।’
পানসি বাইনকাটা শ্রেণির নৌকাবিশেষ। কাঠের গলুইয়ের ওপর কাঠের প্রায় সমতল ছাদে ঘেরা ছাউনি দেওয়া থাকে। ভেতরে ঘরের মতো। দুই পাশে দুটি দরজা এবং একাধিক জানালা থাকে। জারুল, শাল, সুন্দরীসহ প্রভৃতি কাঠ দিয়ে পানসি নৌকা তৈরি করা হয়। একসময় বরিশাল অঞ্চলে বেশি চোখে পড়ত এই নৌকা। পানসিতে চড়ে ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি গানে যাত্রীদের হৃদয় কেড়ে নিতেন মাঝিমল্লাররা। গ্রাম থেকে বন্দরে জিনিসপত্র আনা-নেওয়া করতেও বহুল ব্যবহৃত হতো পানসি। আজকাল আর পানসির তেমন দেখা মিলে না। দু-একটির দেখা মিললেও অতীতের পানসির সে জৌলুস চোখে পড়ে না। অথচ একসময় দূরের যাত্রায় নির্ভরযোগ্য বাহন হিসেবে ধরা হতো পালতোলা পানসিকে।
এখন নৌপথে ইঞ্জিনচালিত নৌকা স্থান করে নেওয়ায় পানসির চাহিদা নেই বললেই চলে।
আতিফ আতাউর
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ