
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তানজিল শেখ (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪ টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ থানাধীন নতুনগাঁও এলাকার একটি ইট-বালুর দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. তানজিল শেখ মুন্সিগঞ্জ সদর থানার গণকপাড়া (কাজীবাড়ি) এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মানিকপুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। তল্লাশিকালে তানজিল শেখের হেফাজত থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তানজিল শেখ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন অপরাধে ০৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা