
মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নে অভিযান চালিয়ে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
পরে জিজ্ঞেসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসিব হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা