বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লৌহজং প্রতিনিধি-
লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে লৌহজং থানাধীন সাতঘড়িয়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার আউটশাহী এলাকার জামাল শেখের ছেলে জাকির শেখ এবং একই থানার নেত্রাপটি এলাকার চান মিয়ার ছেলে সিরাজ সরদার।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন লৌহজং থানার এসআই রাজীব সরকার। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে সাতঘড়িয়া পাকা রাস্তার ওপর থেকে জাকির শেখ ও সিরাজ সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা