হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ
মুন্সিগঞ্জের বার্তা প্রতিবেদক
শ্রীনগরে হারিয়ে যাওয়া ১০ বছর বয়সী শিশু আয়াতকে তদন্ত ও তৎপরতার মাধ্যমে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর থানাধীন কয়কীর্তন সংলগ্ন কমিউনিটি সেন্টারের সামনে শিশুটিকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের ও বাবার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দা আবুল কালাম (৫৫) শিশুটিকে নিজের হেফাজতে নেন এবং শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় তাকে নিয়ে শ্রীনগর থানায় হাজির হন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ ওইদিনই শিশুটির পরিবারের সন্ধানে তদন্ত শুরু করে। শিশুটির কাছ থেকে পাওয়া ছোট ছোট তথ্য এবং তার দেওয়া ঠিকানা (মোগলহাট গ্রাম, লালমনিরহাট) অনুযায়ী ফেসবুকের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়। থানার ডিউটি অফিসার এসআই মোস্তাকিম লালমনিরহাটের সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে শিশুটির ছবি পাঠান। এর একপর্যায়ে শিশুটির মামাবাড়ির লোকজনের সন্ধান মেলে।
পরে শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার গেন্ডারিয়ায় বসবাসরত শিশুটির বাবা হানিফ ও মা লতা বেগম থানায় হাজির হন। যথাযথ প্রক্রিয়া শেষে পুলিশ শিশুটিকে তাঁদের হেফাজতে বুঝিয়ে দেয়।
শিশুকে ফিরে পেয়ে বাবা-মা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশেই আছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা