প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১২:৪১ পি.এম
বিক্রমপুরের হুমায়ুন আজাদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

রাসেল শেখ (মুন্সিগঞ্জ):
ভাষাবিজ্ঞানী ও স্বনামধন্য লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১২ আগস্ট জার্মানির মিউনিখ শহরে মারা যান তিনি। বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখকদের অন্যতম ছিলেন হুমায়ুন আজাদ।
‘পাক সার জমিন সাদ বাদ’ উপন্যাসে মৌলবাদীদের সমালোচনা করায় তিনি একটি গোষ্ঠীর তীব্র আক্রোশের মুখে পড়েন। এ কারণে ২০০৪ সালে ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে এক দল সন্ত্রাসীর চাপাতির আঘাতে গুরুতর জখম হন বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদ। হামলার পর তিনি ২২ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ২০০৪ সালের ৭ আগস্ট গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। ওই বছরের ১২ আগস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হুমায়ুন আজাদ তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম ও ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদক লাভ করেন। ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের কামারগাঁওয়ে জন্মগ্রহণ করেন হুমায়ুন আজাদ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা