
চর কিশোরগঞ্জে ব্লাড লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক মানুষ
মো. সাইফুল ইসলাম
মানবতার সেবায় আরও একবার এগিয়ে এল ব্লাড লাইফ ফাউন্ডেশন। চর কিশোরগঞ্জ নিউ মার্কেট এলাকায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম, যেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে উপকৃত হয়েছেন এলাকার সুবিধাবঞ্চিত অন্তত ৫০০ থেকে ৬০০ রোগী।
চিকিৎসকদের পরামর্শ আর ওষুধ হাতে নিয়ে ফেরার পথে অনেকের মুখেই ছিল স্বস্তির ছাপ। দীর্ঘদিন চিকিৎসার অভাবে ভুগতে থাকা মানুষগুলোর জন্য এই আয়োজন যেন হয়ে উঠেছিল একখণ্ড আশার আলো।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্লাড লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হাসানুর রহমান দ্বীপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক আসফিয়া আক্তার ও সিনথিয়া, সাধারণ সম্পাদক মো. হিমেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামির, উপদেষ্টা মো. সোহেল মল্লিক, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি মাওলানা সোয়েব আহমেদ এবং সহকারী পরিচালক ইয়ামিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ব্লাড লাইফ ফাউন্ডেশনের।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা