লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্পেশাল করেসপন্ডেন্ট ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জামসহ একটি নম্বর প্লেটবিহীন পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার কনকসার বাজারে মনির শেখের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন টহল ও কিলো ডিউটি পালন করছিলেন। এ সময় কনকসার বাজারের পাকা সড়কে একটি নম্বরপ্লেটবিহীন পিকআপসহ ৫-৬ জনকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়। পুলিশ তাদের অবস্থানের কারণ জানতে চাইলে তারা বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রফিক শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিক শেখ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর জজবাড়ি এলাকার মৃত হযরত আলীর ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তারা ৫-৬ জন মিলে কনকসার বাজারে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি নীল রঙের ছোট পিকআপ, একটি কাটার, একটি স্টিলের সেলাই রেঞ্জ, কাঠের হাতলযুক্ত দুটি লোহার হাতুড়ি এবং একটি ছোট লোহার চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ০৬ (১১) ২০২৬। পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা