সংবাদ বিজ্ঞপ্তি:
৭ এপ্রিল ২০২৫ সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ভ্রমণবই ' *প্রত্নকথা* ' এর মোড়ক উন্মোচন করা হয়। জেলার উন্নয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিববৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ জনাব ফাতেমা তুল জান্নাত এর পরিকল্পনা ও সার্বিক দিক-নির্দেশনায় বইটি অত্যন্ত সুন্দরভাবে প্রণীত হয়েছে। বইটিতে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলার ৬২টি প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানের সচিত্র বর্ণনা, অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ জেলা ভ্রমণে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য একদিনে ভ্রমণ করা যায় এমন তিনটি ট্যুর প্ল্যান বা ভ্রমণ পরিকল্পনা সন্নিবেশিত হয়েছে। পর্যটক ও ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এতে জেলা এবং উপজেলার আলাদা আলাদা মানচিত্র, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে। দেশি ও বিদেশি পর্যটকদের কথা বিবেচনায় রেখে বইটির সকল তথ্য ও বর্ণনা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত হয়েছে। এটির অনলাইন ভার্সন জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এছাড়া বইতে প্রদত্ত কিউআর কোড স্ক্যান করেও এটির পিডিএফ ভার্সন পড়ার উপযোগী করা হয়েছে।
বইটি সম্পাদনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ। বইটি প্রকাশের ক্ষেত্রে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাগণসহ আরও অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা