সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শাহ পরান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
সভায় উপজেলার ১৩০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার’—এই চেতনায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজা চলাকালে গুজব, উসকানি বা কোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা