প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১১:২০ পি.এম
গজারিয়ায় অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ইয়াসিন মিয়াকে (১৮) ছুরিকাঘাত করে নগদ ৫০ হাজার টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আহত চালক গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গজারিয়া উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন ইয়াসিন চরবাউশিয়া বড়কান্দি (উত্তরপাড়া) গ্রামের মো. সুমন মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গেল রোববার সকাল আনুমানিক ১১টার দিকে বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াছিন জানান, তিনি তার নিজ মালিকানাধীন একটি মিশুক অটোরিকশা নিয়ে চরবাউশিয়া গ্রাম থেকে মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ভবেরচর বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে টেকপাড়া মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা চরবাউশিয়া বড়কান্দি (বড়টেকপাড়া) এলাকার ফয়সাল (২২), স্বাধীন মিয়া (২০), মো. সিয়াম (২১) ও মো. মিরাজ (১৯) তার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং ধারালো ছুরি দেখিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ও অটোরিকশাটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অন্যদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, গেল শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াছিন ও তার বন্ধুরা তাদের কয়েকজন বন্ধুকে মারধর করে আহত করে।
বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলে তারা সমাধানের আশ্বাস দেন। রোববার টেকপাড়া মোড়ে ইয়াছিনের সঙ্গে আবার কথা কাটাকাটি হলে ধাক্কাধাক্কির একপর্যায়ে সে পড়ে গিয়ে মুখে আঘাত পায়। তবে তারা কোনো টাকা বা অটোরিকশা ছিনতাই করেননি বলে দাবি করেন। তাদের মতে, ইয়াছিন থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা