প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৩:৫০ পি.এম
এইচএসসিতে মুন্সিগঞ্জের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি

মোরসালিন রহমান
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৩ জন পরীক্ষায় অংশ নিলেও সবাই অনুত্তীর্ণ হয়েছেন।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।
জেলার ছয়টি উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।
জেলায় সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের কিছু বেশি হলেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি জেলার শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা