নিজস্ব প্রতিবেদক
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে টঙ্গীবাড়ির অভিযুক্ত বিশ্বজিতের মামলার শুনানিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জের সর্বস্তরের ওলামা-জনতার আয়োজনে গতকাল ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় মুন্সিগঞ্জ আদালত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান”—এমন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
এসময় উস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের মাওলানা নূর হোসেন নূরানী, আজাদী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা আতাউর রহমান বিক্রম্পুরী, মুন্সিগঞ্জ জেলা হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদ আল হুসাইন, মুন্সিগঞ্জ জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি আহসানুল্লাহ ফরাজী, মুন্সিগঞ্জ সদর থানা হেফাজতের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যেকোনো ধরনের অবমাননাকর বক্তব্য মুসলিম উম্মাহ কখনোই মেনে নিতে পারে না। তারা অভিযুক্ত বিশ্বজিতের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন ও বিচার বিভাগের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ওলামা-মাশায়েখ, শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। তাই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ এ ধরনের ধৃষ্টতা দেখাতে সাহস না পায়—সে বিষয়ে দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
১) ৪৮ ঘণ্টার মধ্যে জামিনপ্রাপ্ত রাসূল (সা.) অবমাননাকারীকে পুনরায় গ্রেফতার করতে হবে।
২) হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাবন্দি আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে আগামী ১৫ দিনের মধ্যে মুক্তি দিতে হবে।
বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরামর্শক্রমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা