
নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর থেকে পরিকল্পিত অপহরণ, নির্যাতন ও গুমচেষ্টার অভিযোগে গুম কমিশনে বিস্তারিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব। অভিযোগের ফাইল নম্বর ১৮৯৮।
নিরব জানান, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নিয়মিত হুমকি দিত এবং তার তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাত। ১৮ জুলাই আজিমপুর চৌরাস্তায় তাকে রিকশা থামিয়ে অস্ত্র ও স্টিল পাইপ দিয়ে প্রায় ২০ মিনিট পিটিয়ে অচেতন করা হয়। পরে সাদা পোশাকধারীরা চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নখ উপড়ে ফেলা, যৌনাঙ্গে আঘাতসহ গুরুতর নির্যাতন চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, কয়েকদিন অন্ধকার সেলে খাদ্য-পানীয় বঞ্চিত অবস্থায় রাখা হয় এবং পরে একটি মিথ্যা মামলায় আসামি দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।
অভিযোগ গ্রহণের পর কমিশন জানায়, মেয়াদ শেষের দিকে হলেও দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্তের আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে নিরব ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও তিনি জানান।
নিরব বলেন, গুম–নির্যাতনের ঘটনায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও লালবাগ থানায় পৃথক মামলা করবেন এবং সব গুমের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবি জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা