মিলন হাওলাদার: মুন্সিগঞ্জের
সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার থেকে মালখানগর চৌরাস্তা পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এই সড়কের পাশে রয়েছে তিনটি বিদ্যালয়, একটি কলেজ, একটি মাদ্রাসা এবং ইউনিয়ন পরিষদ। তবে গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানের সামনে এখনো কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী ও পথচারীরা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতায়াতকারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।বিক্রমপুর কুঞ্জবিহারী কলেজের অধ্যক্ষ জানান, কলেজের মূল ফটকের সামনে একটি দোকান থাকায় দূর থেকে কলেজের নাম ও প্রবেশপথ স্পষ্টভাবে দেখা যায় না। ফলে চালকেরা আগেভাগে সতর্ক হতে পারেন না এবং শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তিনি দ্রুত দোকানটি অপসারণ এবং কলেজের সামনে স্পিড ব্রেকার ও আইল্যান্ড নির্মাণের দাবি জানান।অন্যদিকে, মোস্তফাগঞ্জ মাদ্রাসার সামনেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও রয়েছে।এলাকাবাসীর দাবি, ইছাপুরা বাজার থেকে মালখানগর চৌরাস্তা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে দ্রুত স্পিড ব্রেকার, আইল্যান্ড এবং প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা