প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১১:০৫ পি.এম
সিরাজদিখানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ, পরে ধ্বংস

সিরাজদিখানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ, পরে ধ্বংস
সিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখানে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে ভাটিমভোগ বাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আলোকে অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। পরে ভবানীপুর বাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জৈনসার ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিফাত হাসান উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা