
স্টাফ রিপোর্টার
সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, পিএসএমের সঙ্গে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে ঢাকায় ইঞ্জিনিয়ার গোলাম মাওলার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশারের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ঝিকুট ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সংগঠনটির সাম্প্রতিক কর্মসূচির অংশ হিসেবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার গোলাম মাওলার প্রয়াত বাবা আব্দুল মান্নান চাকলাদার (পিন্টু) দারোগা একজন সনামধন্য পুলিশ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের পাশাপাশি তিনি মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য পরিচিত ছিলেন।
বাবার মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ধরে রাখতে তাঁর সন্তানরা প্রতিষ্ঠা করেছেন আব্দুল মান্নান চাকলাদার শিক্ষা ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ পরিচালিত হচ্ছে, যা প্রয়াত আব্দুল মান্নান চাকলাদারের আদর্শ ও মানবসেবার স্মৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা