লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল নামে সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠনের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার মেদিনী মন্ডল খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলা শ্রমিকদল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য শেষে তারা সেখানে অবস্থান করছিলেন।
এ সময় সন্ধ্যায় সমাবেশস্থলের বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।
পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেখানে ককটেল নয়, ছোট একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা