মুন্সিগঞ্জে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার
শ্রীনগর প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (০১ মে ২০২৬) ভোররাতে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর থানাধীন আড়িয়ল বিল সংলগ্ন এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লাখ) টাকা। একই সঙ্গে মূর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইদ্রিস চৌকিদার (৪৬), পিতা- মৃত জহির চৌকিদার, সাং- লঙ্গীপাড়া, থানা- কলাকিনি, জেলা- মাদারীপুর এবং মোঃ আলাউদ্দিন শেখ (৫২), পিতা- মৃত ওমর শেখ, সাং- কালারকান্দা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
র্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য আনুমানিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টি পাথরের প্রাচীন মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিল।
মেজর ইয়াসির তাজবী পান্থ বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।