
মুন্সিগঞ্জে ৮৩ জন কৃষক নিয়ে বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রনি শেখ, টঙ্গীবাড়ী থেকে ।।
টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৩ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BRAC Microfinance এর বিডিসি অমরেশ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাতানিখিল এলাকার মেম্বার মোহাম্মদ সিদ্দিক এবং BRAC Seed and Agro Enterprise এর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনিসুর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন অত্র এলাকার টেরিটরি সেলস অফিসার মোহাম্মদ নূরে তৌহিদ।
কর্মশালায় কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক, পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর এর প্রভাব এবং এর টেকসই বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইডের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে উপকারী পোকা সংরক্ষণ, মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব।
বিশেষ অতিথি মোহাম্মদ আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বায়োপেস্টিসাইড একটি কার্যকর সমাধান। তিনি BRAC Seed and Agro Enterprise এর কার্যক্রম, কৃষকদের জন্য মানসম্পন্ন বীজ সরবরাহ, টেকসই কৃষি উন্নয়ন এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা আরও বলেন, BRAC দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে BRAC Seed and Agro Enterprise উন্নতমানের বীজ, নিরাপদ কৃষি প্রযুক্তি ও বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে। মানসম্পন্ন বীজ ব্যবহারে ফলন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, নিরাপদ কৃষি ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা