লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাটি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ছয় কিলোমিটার পাইপ বিনষ্ট করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর ও নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।
অভিযানকালে কৃষিজমি অবৈধভাবে ভরাটের দায়ে দুই ব্যক্তিকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাকর এলাকায় প্রায় চার কিলোমিটার এবং নওপাড়া এলাকায় প্রায় দুই কিলোমিটার ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু জানান, কৃষিজমি রক্ষা, অবৈধভাবে মাটি ভরাট বন্ধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা