সরোয়ার শরীফ শোহান
দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুন্সিগঞ্জবাসীর বহুল কাঙ্ক্ষিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের পথে বড় অগ্রগতি এসেছে। মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে নীতিগত অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় আধুনিক চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে।
জানা গেছে, বিগত দীর্ঘ সময় ধরে মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকল্পটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসানের বিশেষ উদ্যোগ ও তৎপরতায় অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের খবরে জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এই হাসপাতাল চালু হলে জেলার রোগীদের আর ঢাকামুখী হতে হবে না। উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি মেডিকেল শিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় মুন্সিগঞ্জের স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে।
সচেতন মহল মনে করছে, দ্রুত ভূমি নির্বাচন, প্রকল্প অনুমোদন ও নির্মাণ কাজ শুরু করা গেলে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল মুন্সিগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নের প্রতীক হয়ে উঠবে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা