লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীত মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, মাওয়া নৌপুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানানো হয়। তবে এ সময় কোনো মাছ পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম। এই অভিযানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, নৌ পুলিশ, কোস্ট গার্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কোনো জেলেকে পাওয়া না গেলেও নদীতে কিছু নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে নদীর পাড়ে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
উল্লেখ্য ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নজরদারি ও টইলে রয়েছে স্থানীয় প্রশাসন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা