
নেতা
সোহানুজ্জামান মেহরান
ভোটের আগে বিলায় টাকা পেটে দারুণ খিদে,
নেতার এখন মাথায় টুপি যায় ছুটে মসজিদে।
লম্বা সালাম সরল কালাম প্রতিশ্রুতির বহর,
গ্রামকে এবার বানিয়ে দেবে উন্নত এক শহর।
এইখানে এক সাঁকো হবে ঐখানে এক টাওয়ার,
দেখবে এবার গাঁয়ের মানুষ নেতার কেমন পাওয়ার।
কাচা রাস্তা থাকবে না আর আদিকালের বাড়ি,
রাস্তার ধারে অট্টালিকা উঠবে সারিসারি।
চিকিৎসাহীন দুস্থ মানুষ আর যাবে না মারা,
দেশদরদী নেতার কথায় সবাই পাগলপারা।
ভোট হলো শেষ। নেতার গলায় উঠলো ফুলের মালা,
এবারও ঠিক গাঁয়ের লোকের জুটলো ফুটো থালা।
বিপুল ভোটে পাশ করেছে যে গাঁয়ের ভোট নিয়া,
নেতা যে আজ দেশের মালিক তারা ভাড়াটিয়া।
নেতা থাকে শহরে ঠিক গাঁয়ের মানুষ নয়,
পেতে গিয়ে নেতার দেখা বাড়ছে জুতার ক্ষয়।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা