স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার প্রতিটি থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্বাচনপূর্ব ব্রিফিং কার্যক্রম শুরু হয়েছে। গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জেলা পুলিশের উদ্যোগে এ ব্রিফিং পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষ ভূমিকা পালন, নির্বাচনী আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এসময় নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয়, দায়িত্ব বণ্টন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা জোরদার ও সাধারণ জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এই প্রস্তুতির মূল লক্ষ্য।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা