রমজান মাহমুদ:
বাবারা হলেন বটবৃক্ষ। এ বটবৃক্ষের ছায়ায় যতোদিন ছিলাম, ততোদিন শান্তিতে ছিলাম। বাবা থাকা মানে সকল কিছুতে নিজেকে চিন্তামুক্ত রাখা!
অথচ বাবা নেই দশ বছর হয়ে গেলো৷ এ দশ বছর নানাভাবে শিখিয়েছে বাবা না থাকার শূর্ণ্যতা! কে আপন আর কে পর তা বুঝিয়েছে হাতে কলমে। এ নশ্বর পৃথিবীতে বাবা মার থেকে কেউ আপন নয়। বাবাই আপনাকে আগলে রাখবে সকল পরিস্থিতিতে। বাবাহীন এ পৃথিবীতে আপনার চেনা মুখগুলোও অচেনায় পরিণত হবে। আর যারা পাশে থাকবে, তাদের কেবল স্বার্থ থাকবে। জগতে স্বার্থই খুজে পাবেন আপনজন হয়ে উঠার ক্ষেত্রে। এ জগতে স্বার্থ আর অর্থই সব। এ দুটি জিনিসের জন্য সবাই আপনার দিক মুখ ফিরিয়ে নিলেও বাবা মা নিবেন না! তাঁরা আপনাকে আগলিয়ে রাখবেন চরম দুঃসময়েও। কখনো ছোটও করবেন না। বাবা মা তো এমনই!
বাবা তার সন্তানকে নি:স্বার্থ ভালোবাসেন। যদিও পৃথিবীতে কেউ কেউ এ ভালোবাসাকে গৌণভাবে উপস্থাপন করবেন বা করেন। বাবাকে সন্তানের কাছে 'খারাপ বাবা' হিসেবে উপস্থাপনের চেষ্টা করবেন। পৃথিবীতে কি 'খারাপ বাবা'র আর্বিভাব ঘটে কোন সন্তানের জন্য! কেউ যদি অঢেল অর্থ দিয়ে সন্তানকে বাবার শূর্ণ্যতা পূরণ করতে পারেন, তাহলে তিনি স্বার্থক। তবে এ পৃথিবীতে এমন স্বার্থক নজির খুব কম। এমন নজির দেখার অপেক্ষায় অন্তত আমার মতো বাবা হারা সন্তানরা দেখেও বিশ্বাস করবে না। বাবার তুলনা বাবাই। বাবাহীন পৃথিবী অন্ধকার। যখন পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায়-বাবা তখন সন্তানের হাতটা ধরে বলে, 'ভয় পাচ্ছো? বাবা আছে না!'
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সন্তানকে স্বয়ং সম্পন্ন হয়ে উঠার আগে পিতৃহারা করোনা। পৃথিবীর সকল বাবারা ভালো থাকুন। বাবা দিবসে বাবাদের জন্য আমাদের প্রার্থনা হোক-'রব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা'। আর সন্তানরা বাবাদের সম্মান রক্ষার্থে পৃথিবীতে বেড়ে উঠুক বাবার ছায়াপথে। এভাবেই বাবারা বেঁচে থাকবেন সন্তানদের মাঝে...
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা