সবুজ গাঁও
মেহেদী হাসান হিমেল
সবুজে ঘেরা মায়ায় চেরা আমার প্রিয় গাঁও
সেই গাঁয়েতে ঘুরতে যেতে কে কে তোমরা চাও?
গাঁয়ের পাশে আছে যে এক বয়ে চলা খাল
সেই খালেতে ছুটে যেতাম ফেলতে রোজ জাল।
হাজার পাখি আসতো খালে শীতের মৌসুম জুড়ে,
হাওয়ার টানে ভেসে এসে বসতো আমার কুঁড়ে।
বাড়ির পাশেই ছিল আবার শস্যখেতের মাঠ
সেই মাঠেতে সেরে ফেলতাম বিদ্যালয়ের পাঠ।
মাঝিমাল্লার নাও চলত পুরো বর্ষাকালে -
ভাটিয়ালি আর জারি সারি গাইত তালে তালে।
কামার-কুমোর,জুয়ান-বুড়ো সবাই হতো জেলে!
ঝাঁকে ঝাঁকে মাছ ধরতো ছোট্ট মেয়ে-ছেলে।
খরা রোদেও ধান লাগাত মাটির মানুষ চাষা
সেই ধানেতে ফলত ফসল মিটত তাদের আশা।
বৃক্ষতলের শীতল ছায়ায় ঠিক দুপুর বেলায়
খোকাখুকু থাকতো মজে সাপ-লুডু খেলায়।
শান্তি খুঁজে পাওনা যারা ঠিক শহরে থাকো-
তাঁদের আমি বলছি শোনো, সেই গ্রামটি আঁকো।
এবং তোমরা যেতে পারো দেখতে 'সবুজ গাঁও'
সকাল সন্ধ্যা পাওয়া যাবে খেয়াঘাটের নাও।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা