সাইদ হাসান আফরান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের মেয়ে শান্তা আক্তার। তিনি পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট, যা তাকে নির্বাচনের অন্যতম আলোচিত বিজয়ীতে পরিণত করেছে।
শান্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ছাত্রী। তিনি ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। পাশাপাশি তিনি ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের দায়িত্বও পালন করছেন।
জয় ঘোষণার পর শান্তা আবেগাপ্লুত হয়ে হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির স্মরণ করেন। তিনি বলেন, “এই জয় আমার একার নয়। এটি শহীদ হাদি ভাইয়ের বিশ্বাস ও শেষ ইচ্ছার প্রতিফলন। নির্বাচনের আগে তিনি আমাকে বলেছিলেন—শান্তা, জিতে আইতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের আগ মুহূর্তে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে থাকায় প্রচারে তেমন অংশ নিতে পারেননি। তবুও শিক্ষার্থীরা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন।
শান্তা আক্তার বলেন, “এই জয় আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করব। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। হাদির স্বপ্নের একটি নিরাপদ ও সচেতন ক্যাম্পাস গড়ে তুলতেই আমার এই লড়াই।”
আরও পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ২৪৭তম মেধাক্রমে সিরাজদিখানের মৌ আক্তারের সাফল্য
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা