মুন্সিগঞ্জে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয়
রাজু আহাম্মেদ
পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন । গতকাল সোমবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, মুন্সিগঞ্জের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার।
জানা যায়, পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বাজারমূল্যের তুলনায় কম দামে বয়লার ও কালার মুরগিও বিক্রি করা হবে। আয়োজকরা জানান, রমজান মাসে বাজারে দুধ, ডিম ও মুরগির চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেক সময় মূল্য ঊর্ধ্বমুখী হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে এ জনবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রম পবিত্র রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাধারণ ক্রেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা