আসিফ বাঁধনঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের সন্তান মহসিন আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে আসা এই তরুণ বর্তমানে সিঙ্গাপুরে সিনিয়র পর্যায়ের মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে কর্মরত থেকে এলাকার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মহসিনের পিতা মিজানুর রহমান এবং মাতা মাহমুদা বেগম। তিনি শিক্ষাজীবন শুরু করেন হাজী আবুবকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সেখানে থেকে তিনি ব্যবসায় শিক্ষা বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জন করেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন করে জিপিএ ৪.৭৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পর উচ্চশিক্ষা ও কর্মজীবনের লক্ষ্য নিয়ে তিনি ২০১৭ সালে সিঙ্গাপুরে যান। সেখানে কর্মজীবনের পাশাপাশি তিনি একটি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও দক্ষতার মাধ্যমে ধাপে ধাপে উন্নতি করে তিনি বর্তমানে সিনিয়র মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে মহসিন বলেন, শিক্ষাজীবন ভিত্তি হলেও আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে কারিগরি দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত জরুরি। তাঁর মতে, নিয়মিত শেখা এবং কঠোর পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি।
তিনি কালিনগরসহ আশপাশের তরুণদের উদ্দেশে বলেন, স্বপ্ন কখনো ছোট নয়, প্রস্তুতিটাই আসল। যে যত বেশি দক্ষতা অর্জন করবে, তার সুযোগ ততই বৃদ্ধি পাবে। তাই সময়কে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
একটি সাধারণ গ্রামের শিক্ষার্থী থেকে আন্তর্জাতিক পর্যায়ে সফল মেকানিক্যাল প্রকৌশলী হয়ে ওঠার এই যাত্রা শুধু মহসিনের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মুন্সিগঞ্জ জেলার তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা