
আসিফ বাঁধনঃ
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল। আজ রোববার (১২ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফল প্রকাশ করে। ফলাফলে মুন্সিগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৬১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮১ জন নির্বাচিত হয়েছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি)। প্রতিষ্ঠানটি থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৭ শিক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, উপজেলা ভিত্তিক ফলাফলে মুন্সিগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৭৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়া সিরাজদিখানে ১৩৯ জন, শ্রীনগরে ১৩৩ জন, টংগীবাড়ীতে ১০৬ জন, লৌহজংয়ে ৯৮ জন এবং গজারিয়ায় ৯১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনায় দেখা যায়, গজারিয়ার গ্রিনবার্ড কিন্ডারগার্টেন থেকে ১৪ পরীক্ষার্থীর মধ্যে ১২ জন, মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার আইডিয়াল স্কুল থেকে ১৪ জনের মধ্যে ১০ জন এবং কালেক্টরেট কিশলয় স্কুল থেকে ৭ জন বৃত্তি লাভ করেছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার আরও বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বৃত্তি অর্জন করেছে।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ বলেন, এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করে এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করে যাব।
ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীরা তাদের এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ভালো ফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন ট্যালেন্টপুল এবং ৪৬ হাজার ২৮১ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা