
মো. শফিকুল ইসলাম ভূঞা
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত নিয়মিত রোলকলে উপস্থিত হয়ে তিনি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার অত্যন্ত দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আন্তরিক ধন্যবাদ জানান।
রমজান মাসে জেলার সামগ্রিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন যে, পবিত্র এই মাসের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। একইসাথে আইনী সাহায্যপ্রার্থী সাধারণ মানুষের সাথে অত্যন্ত ধৈর্যশীল ও মানবিক ব্যবহার করার জন্য তিনি সকলকে কঠোর নির্দেশ প্রদান করেন। পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করার বিষয়টি তার বক্তব্যে প্রধান্য পায়।
পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ কল্যাণের বিষয়ে গুরুত্ব দিয়ে মো. মেনহাজুল আলম পুলিশ লাইন্স মেসের খাবারের মান তদারকির নির্দেশ দেন। বিশেষ করে রমজানে ইফতার ও সেহরিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য গুণগত ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
উক্ত রোলকল অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. বিল্লাল হোসেন, ডিবি ওসি ইশতিয়াক আশফাক রাসেল এবং আরআই মো. তোফাজ্জল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা