মুন্সিগঞ্জে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০ দোকান
আশরাফ ইকবাল, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী–মুন্সিগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতনের ওপর নির্মিত একচালা টিনশেড মার্কেটের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের অন্যান্য দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের সময় সড়কে তৈরি হওয়া যানজটও দ্রুত স্বাভাবিক করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি দোকানে রাখা একটি সিএনজিচালিত রিকশা। এছাড়া গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা