প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৪:০৯ পি.এম
শ্রীনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ ছিবগাতুল্লাহ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার (১০ জুন) সকাল ১১টা থেকে শ্রীনগর প্লাজার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীনগর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের মাঝে ডিজিটাল লেনদেনের জন্য পয়েন্ট অব সেলস (POS) মেশিন এবং কিউআর (QR) স্ক্যানার বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. মাহবুবুর রহমান, নওপাড়া শাখার ব্যবস্থাপক সামসুল হক খন্দকার, বালাশুর শাখার ব্যবস্থাপক মো. সেলিম খানসহ শ্রীনগর শাখার অন্যান্য কর্মকর্তা।
এছাড়া শ্রীনগর বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রাহকরা পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে অর্থ লেনদেন আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে। যুগোপযোগী এ সেবা চালুর জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা