প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ২:২২ এ.এম
বুয়েটসহ চার বিশ্ববিদ্যালয়ে আল আমিনের সাফল্য

মো. শফিকুল ইসলাম
দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় একযোগে সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন মেধাবী শিক্ষার্থী আল আমিন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ১৫৭তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩৭তম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ১২তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২তম স্থান অর্জন করেন।
আল আমিন মুন্সিগঞ্জ সদর উপজেলার কেওয়ার গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী ও মিসেস নাছিমার সন্তান। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি কাজী কমরউদ্দিন সরকারি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
একই শিক্ষাবর্ষে দেশের একাধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এমন উল্লেখযোগ্য অবস্থান অর্জন তাঁর অধ্যবসায়, একাগ্রতা ও মেধার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমই এ সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
আল আমিন তাঁর সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি বাবা-মা, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে তিনি সবার দোয়া কামনা করেছেন।
এদিকে তাঁর এ কৃতিত্বে পরিবার, শিক্ষকসমাজ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সচেতন মহলের প্রত্যাশা—মেধাবী এই শিক্ষার্থী আগামী দিনে দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক - আশরাফ ইকবাল, নির্বাহী সম্পাদক - বর্ষন মোহাম্মদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা